মানিকগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) হিসেবে বিশেষ সম্মাননা ও পুরস্কার লাভ করেছেন সাটুরিয়া থানায় কর্মরত এসআই (নি:) মোহাম্মদ মোজাম্মেল হক। আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং প্রশংসনীয় ও গৌরবোজ্জ্বল ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে এই শ্রেষ্ঠত্বের মর্যাদায় ভূষিত করা হয়।
আজ মানিকগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা স্মারক ও অর্থ পুরস্কার তুলে দেন মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম।
এ সময় মানিকগঞ্জ সদর সার্কেলের সম্মানিত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন পিপিএম এবং সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।
সহকর্মীর এই গৌরবময় অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশারফ হোসেন বলেন,
”এসআই মোজাম্মেল হকের এই অর্জন আমাদের পুরো সাটুরিয়া থানা পুলিশের জন্য অত্যন্ত গর্বের। তাঁর কাজের প্রতি সততা, নিষ্ঠা এবং সাধারণ মানুষকে সেবা দেওয়ার মানসিকতাই আজ তাঁকে এই স্বীকৃতি এনে দিয়েছে। এই সম্মাননা থানার অন্যান্য কর্মকর্তাদেরও সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে আরও বেশি উদ্বুদ্ধ করবে। আমরা সাটুরিয়াবাসীকে একটি নিরাপদ ও শান্তিময় পরিবেশ উপহার দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”
পুরস্কার পাওয়ার পর “দৈনিক টেলিগ্রামকে ” এসআই মোহাম্মদ মোজাম্মেল হক জানান, এই স্বীকৃতি তাঁর কাজের প্রতি দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিল। তিনি সাটুরিয়া থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষকে দ্রুত আইনি সেবা দিতে সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম তাঁর বক্তব্যে ভালো কাজের জন্য পুলিশ সদস্যদের এই ধরণের স্বীকৃতি আগামীতে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে আরও বেশি অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

