চুরি যাওয়া ইজিবাইক ফিরে পেলেন না আরজু, নতুন ইজিবাইক উপহার দিলেন পর্যটন মন্ত্রী

আবুল কাশেমসাটুরিয়া প্রতিনিধি
🕙 প্রকাশিত : ৮ জুলাই, ২০২৬ । ৪:২৫ পিএম

সংসারের একমাত্র আয়ের অবলম্বন তিন চাকার ইজিবাইকটি চুরি হওয়ার পর যেন থমকে গিয়েছিল আরজু মিয়ার জীবন। পরিবার-পরিজন নিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের সাহেবপাড়া গ্রামের ষাটোর্ধ্ব এই বৃদ্ধ। তবে শেষ পর্যন্ত তার জীবনে ফিরে এসেছে স্বস্তি।
বিষয়টি মানিকগঞ্জ-৩ (সদর-সাটুরিয়া) আসনের সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার নজরে এলে তাঁর নির্দেশনায় ‘মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে আরজু মিয়াকে একটি নতুন ইজিবাইক উপহার দেওয়া হয়েছে।
বুধবার (৮ জুলাই) মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিনিধিরা আরজু মিয়ার হাতে নতুন এই ইজিবাইকটি তুলে দেন। নতুন আয়ের অবলম্বন ফিরে পেয়ে খুশিতে আত্মহারা আরজু ও তাঁর পরিবারের সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে সাটুরিয়া থেকে আরজু মিয়ার ইজিবাইকটি চুরি হয়ে যায়। সেটিই ছিল তাঁর পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম। ঘটনার পর তিনি থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশ বিভিন্ন চেষ্টা চালিয়ে গাড়িটি উদ্ধার করতে পারেনি। পরবর্তীতে আরজু মিয়ার পরিবারের এই দুর্দশার কথা মন্ত্রী আফরোজা খানম রিতার গোচরীভূত হলে তিনি মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে দ্রুত একটি নতুন ইজিবাইক কিনে দেওয়ার নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ীই আজ গাড়িটি হস্তান্তর করা হয়।
ইজিবাইক হস্তান্তরকালে উপস্থিত ছিলেন— সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, ধানকোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম জুয়েল এবং সাটুরিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বকুলসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
নতুন ইজিবাইক পেয়ে আবেগাপ্লুত আরজু মিয়া বলেন, “ইজিবাইকটা চুরি হওয়ার পর পরিবার নিয়ে খুব কষ্টে দিন কাটিয়েছি, আয়ের কোনো পথ ছিল না। নতুন এই গাড়িটি পেয়ে আমি আবারও কাজ শুরু করতে পারব। আমার পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার ব্যবস্থা হলো।”
এই মানবিক সহায়তার জন্য আরজু মিয়া ও তাঁর পরিবার মন্ত্রী আফরোজা খানম রিতা এবং মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ