এইচএসসিতে নকল ধরা পড়লে শিক্ষার্থী ও প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

🕙 প্রকাশিত : ২৪ জুন, ২০২৬ । ৮:১৭ এএম

আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষায় নকল বা প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, পরীক্ষায় কোনো শিক্ষার্থীর কাছে নকল পাওয়া গেলে তাকে আইনের আওতায় আনা হবে। একইসঙ্গে কোনো পরীক্ষাকেন্দ্রে নকলের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান বা কেন্দ্র প্রধানের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (২৪ জুন) রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি অনুষ্ঠিত হয় আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে ঢাকা শিক্ষা বোর্ড, ময়মনসিংহ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের অংশগ্রহণে।

মন্ত্রী বলেন, বর্তমানে নকলের ধরন পরিবর্তিত হয়েছে। এ কারণে পুরোনো পরীক্ষা আইন সংশোধন করে সময়োপযোগী করা হয়েছে। তিনি জানান, সংসদে পরীক্ষা আইন সংশোধনের মাধ্যমে নকল ও প্রশ্নফাঁস প্রতিরোধে আরও কঠোর বিধান যুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, নকল ও প্রশ্নফাঁসের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান অধ্যাপক আক্তারুজ্জামান এবং বোর্ডের সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ