হাম ও রুবেলা টিকা আমদানিতে অবহেলার অভিযোগে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে দায়ের করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। আদালত বলেছেন, মামলাটি গ্রহণের মতো পর্যাপ্ত উপাদান পাওয়া যায়নি।
সোমবার (৮ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী আশুতোষ।
এর আগে সকালে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল বাদী হয়ে মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদেশের জন্য আবেদনটি অপেক্ষমাণ রাখেন এবং পরে তা খারিজ করেন।
মামলার আবেদনে ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফরকে আসামি করা হয়।
আবেদনে অভিযোগ করা হয়, হাম ও রুবেলা টিকা সময়মতো আমদানি না করায় দেশে টিকা সংকট তৈরি হয় এবং এতে বহু শিশু আক্রান্ত ও মৃত্যুর ঝুঁকিতে পড়ে। বাদীপক্ষের দাবি, দায়িত্বে অবহেলা ও সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রতার কারণে শিশুদের জীবন বিপন্ন হয়েছে।
মামলায় আরও বলা হয়, বাংলাদেশ দীর্ঘদিন ধরে ইউনিসেফের মাধ্যমে হাম-রুবেলাসহ বিভিন্ন টিকা সংগ্রহ করলেও অন্তর্বর্তী সরকারের সময় সেই প্রক্রিয়া পরিবর্তন করে উন্মুক্ত দরপত্রের উদ্যোগ নেওয়া হয়। এতে টিকা আমদানিতে বিলম্ব সৃষ্টি হয়ে সংকট দেখা দেয়।
আবেদনে উল্লেখ করা হয়, ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স সম্ভাব্য টিকা সংকট নিয়ে স্বাস্থ্য বিভাগকে একাধিকবার সতর্ক করেছিলেন। তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ আনা হয়।
বাদীপক্ষের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত দেশে ৭৫ হাজার ৭০৮ শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এবং সরকারি হিসাবে প্রায় ৬১০ শিশুর মৃত্যু হয়েছে।
তবে আদালত মামলার আবেদন পর্যালোচনা শেষে পর্যাপ্ত আইনগত ভিত্তি না থাকায় সেটি খারিজ করে দেন।

