ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’–এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে নবাগত অভিনেত্রী তানজিয়া জামান মিথিলার। প্রথম সিনেমার প্রথম উপস্থিতিতেই দর্শকদের উচ্ছ্বসিত প্রতিক্রিয়া পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রকস্টার’ সিনেমায় নিজের একটি ভিডিও ক্লিপ শেয়ার করে বড় পর্দায় প্রথমবার নিজেকে দেখার অনুভূতি প্রকাশ করেন মিথিলা। সেই সঙ্গে দর্শকদের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতাও জানান তিনি।
মিথিলা লিখেছেন, “এখনও বিশ্বাস করতে পারছি না, এটা ছিল আমার প্রথম বাংলা সিনেমার প্রথম এন্ট্রি সিন।”
প্রেক্ষাগৃহে দর্শকদের প্রতিক্রিয়ার কথা স্মরণ করে তিনি বলেন, “পর্দায় প্রথমবার নিজেকে দেখার পর যখন আপনাদের উচ্ছ্বাস, চিৎকার আর ভালোবাসা শুনেছি, তখন সত্যিই আমার হৃদয় ছুঁয়ে গেছে।”
দর্শকদের এমন আন্তরিক গ্রহণযোগ্যতায় মুগ্ধ এই নবাগত অভিনেত্রী। নিজের অনুভূতি প্রকাশ করে তিনি আরও বলেন, “একজন নতুন অভিনেত্রী হিসেবে এমন মুহূর্ত আমার জন্য ভাষায় প্রকাশ করার মতো নয়। আপনাদের ভালোবাসা, সমর্থন আর উৎসাহ আমাকে আরও স্বপ্ন দেখতে সাহস দেয়।”
প্রেক্ষাগৃহে পাওয়া দর্শকপ্রেমকে নিজের জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করে মিথিলা ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “প্রতিটি হাততালি, প্রতিটি হাসি আর প্রতিটি সুন্দর কথার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারাই এই মুহূর্তটাকে আমার জীবনের সবচেয়ে সুন্দর ও স্মরণীয় স্মৃতিগুলোর একটি করে তুলেছেন।”
উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত ‘রকস্টার’ সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। শাকিব খানের পাশাপাশি নতুন মুখ মিথিলার উপস্থিতিও আলোচনায় এসেছে। দর্শকদের ইতিবাচক সাড়া তার অভিনয় ক্যারিয়ারের নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

