শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে মানিকগঞ্জের হরিরামপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৬৩টি পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, পূজামণ্ডপে শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। একই সঙ্গে পূজামণ্ডপগুলোতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আয়োজক ও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিজা বিসরাত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা তৌহিদুজ্জামান খান, হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি হান্নান মৃধা, সাধারণ সম্পাদক শামিম আহমেদ, সিনিয়র সহসভাপতি আব্দুল কুদ্দুস, গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিন মোল্লা লাভলু, গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিক বিশ্বাস, বলড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তারিকুল ইসলাম খান তারেক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইমুন চৌধুরী, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিল্টু দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক মাধব হালদারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ৬৩টি পূজামণ্ডপের প্রতিনিধিরা।





