আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আয়োজিত তথ্য অধিকার কনফারেন্সে অংশগ্রহণের জন্য সাংবাদিক জাহিদুল হক চন্দনকে আমন্ত্রণ জানিয়েছে তথ্য অধিকার ফোরাম।
২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর দি ডেইলি স্টার সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সাংবাদিক জাহিদুল হক চন্দন দীর্ঘদিন ধরে তথ্য অধিকার আইন, সরকারি জবাবদিহিতা, সুশাসন, ভূমি ব্যবস্থাপনা, পরিবেশ ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অনুসন্ধানী সাংবাদিকতা করে আসছেন। বিভিন্ন সরকারি দপ্তরে তথ্য অধিকার আইনের আওতায় আবেদন করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তিনি একাধিক প্রতিবেদনও প্রকাশ করেছেন। সম্প্রতি মানিকগঞ্জের সরকারি খাসজমি, বালুমহাল, ভূমি ব্যবস্থাপনা, সরকারি প্রকল্প ও পরিবেশগত বিভিন্ন বিষয়ে তথ্য অধিকার আইনের মাধ্যমে তথ্য সংগ্রহ করে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন তিনি। জাহিদুল হক চন্দন দীপ্ত টেলিভিশন ও অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি’র মানিকগঞ্জ জেলা প্রতিনিধি এবং দৈনিক টেলিগ্রাম পত্রিকার ক্রাইম এন্ড ইনভেস্টিগেশন সেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
আয়োজকরা জানান, সম্মেলনে ‘বাংলাদেশ তথ্য অধিকার জরিপ ২০২৬’-এর প্রতিবেদন উন্মোচন করা হবে। জরিপ থেকে পাওয়া সুপারিশ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে অনুষ্ঠিত হবে প্লেনারি সেশন। এ ছাড়া তথ্য অধিকার আইনের প্রয়োজনীয় সংশোধন, ই-গভার্নেন্স ব্যবস্থার উন্নয়নে স্বঃপ্রণোদিত তথ্য প্রকাশের গুরুত্ব, এনজিও কার্যক্রমের মূলধারায় তথ্য অধিকার আইনের অন্তর্ভুক্তি এবং স্থানীয় সরকারের সুশাসন চর্চায় তথ্য অধিকার আইনের ভূমিকা নিয়ে পৃথক মতবিনিময় অনুষ্ঠিত হবে। সম্মেলনে সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, আইন বিশেষজ্ঞ, সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং তথ্য অধিকার ফোরামের সদস্যরা অংশ নেবেন।
সম্মেলনে উপস্থিত থাকবেন তথ্য অধিকার ফোরামের আহ্বায়ক ও মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) প্রতিষ্ঠাতা সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান, কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা এইচএম বজলুর রহমান,নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, আইসোশ্যালের চেয়ারপারসন ড. অনন্য রায়হান, ব্লাস্টের অবৈতনিক নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন, রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন, রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশের (রিইব) ডেপুটি ডাইরেক্টর রুহী নাজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব ইকোনমিক রিসার্চের টোবাকো ট্যাক্স প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার হামিদুল ইসলাম হিল্লোল।
উল্লেখ্য, প্রতি বছর ২৮ সেপ্টেম্বর বিশ্বব্যাপী আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়। এ দিবসকে সামনে রেখে তথ্য অধিকার নিয়ে সচেতনতা বৃদ্ধি, আইনটির কার্যকর প্রয়োগ এবং তথ্যপ্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে এবারের সম্মেলনের আয়োজন করা হচ্ছে।





