মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ডিআরআরএ কর্তৃক ভলেন্টিয়ারদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বুধবার ( ১২ আগষ্ট ) সকাল ১১ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় হতে এ বাই সাইকেল বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা- তুল ইসলাম।
ডিআরআরএ এর ঘিওর ও দৌলতপুরের প্রকল্প সমন্বয়কারী ডালিমা রহমানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাঃ বিপুল বালো, ঘিওর থানা ওসি তদন্ত এম এ ওয়াদুদ, ঘিওর ডিআরআরএ প্রকল্প সমন্বয়কারী এখলাছ উদ্দিনসহ আরও অনেকে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার নাশিতা- তুল ইসলাম বলেন, স্পেশাল চাইল্ড যারা রয়েছে সামাজিকভাবে তাদেরকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে ডিআরআরএ কাজ করে যাচ্ছেন। আজকেও ডিআরআরএ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে যা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডিআরআরএ ঘিওর ও দৌলতপুরের প্রকল্প সমন্বয়কারী ডালিমা রহমান বলেন, ঘিওরে ৫৫ জন ও দৌলতপুরে ৬৫ জন ভলেন্টিয়াররা প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ করছেন। এইসব প্রতিবন্ধী শিশুদের দেখাশোনা ও হোমওয়ার্কের জন্য যেসব ভলেন্টিয়ারদের দূর-দূরান্তে যেতে হয় তাদেরকে এই বাইসাইকেল দেয়া হচ্ছে। আজকে ঘিওর উপজেলায় ৪ জন মহিলা ভলেন্টিয়ার ও ৪ জন পুরুষ ভলেন্টিয়ারের মাঝে এসব বাই সাইকেল বিতরণ করা হয়।

