মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে বর্ণাঢ্য ‘মিষ্টি উৎসব ও পুরস্কার বিতরণী ২০২৬’

🕙 প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৬ । ৭:৩৩ এএম

মানিকগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি দেবেন্দ্র কলেজে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘মিষ্টি উৎসব ও পুরস্কার বিতরণী ২০২৬’। ব্যতিক্রমী এই আয়োজনে অংশ নেন কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। পুরো ক্যাম্পাসজুড়ে ছিল আনন্দ-উচ্ছ্বাসের আমেজ।

এর আগে কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে শিক্ষার্থীদের জন্য ১ লাখ টাকার মিষ্টি উপহার দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী, আফরোজা খানম রিতা,এমপি। সেই উপহারকে ঘিরেই আয়োজন করা হয় এই বিশেষ মিষ্টি উৎসব।

মঙ্গলবার দুপুরে কলেজ মিলনায়তনে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানের ঐতিহ্য, সম্প্রীতি এবং সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মইনুল ইসলাম। তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের গণ্ডিতে সীমাবদ্ধ থাকলে চলবে না; মানবিক মূল্যবোধ, দেশীয় সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির চর্চাও সমানভাবে গুরুত্বপূর্ণ। এ ধরনের উৎসব শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও আনন্দের বার্তা ছড়িয়ে দেয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী রাশীদ মাইমুনুল ইসলাম অন্ত। তিনি তরুণদের আধুনিক শিক্ষার পাশাপাশি সৃজনশীল কর্মকাণ্ডে অংশ নেওয়ার আহ্বান জানান।

সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মুহম্মদ মাহফিল খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সাংস্কৃতিক ও বিনোদনমূলক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই মিষ্টি উৎসব কলেজ পরিবারের সবার মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

আলোচনা সভা শেষে কলেজের বিভিন্ন বার্ষিক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন অতিথিরা। পরে উপস্থিত সবার মাঝে বিভিন্ন স্বাদের ঐতিহ্যবাহী মিষ্টি পরিবেশন করা হয়। আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের এই আয়োজন শিক্ষার্থীদের জন্য হয়ে ওঠে এক স্মরণীয় উৎসব।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ