সাটুরিয়ায় নিখোঁজ ২ মাদ্রাসাছাত্রী ১৫ দিন পর সাভার থেকে উদ্ধার

🕙 প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৬ । ৩:৩৯ পিএম

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার একটি আবাসিক মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়ার দীর্ঘ ১৫ দিন পর দুই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় আজ শনিবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে ঢাকার সাভার এলাকার একটি বাসা থেকে তাদের উদ্ধার করা হয়। এ সময় তাদের সঙ্গে অভিভাবক ও মাদ্রাসা কর্তৃপক্ষও উপস্থিত ছিলেন।

​সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন ও মাদ্রাসা কর্তৃপক্ষ দুই শিক্ষার্থীকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
​পুলিশ ও মাদ্রাসা সূত্রে জানা গেছে, ওই দুই শিক্ষার্থী সাটুরিয়ার ‘জামিয়া জয়নব বিনতে জাহাশ (রা.) সৈয়দা গুলজান বেগম মহিলা মাদ্রাসা’র আবাসিক শাখায় লেখাপড়া করতো। গত ৩ জুলাই দুপুরে নিজেদের পরিচয় গোপন করে তারা মাদ্রাসা থেকে বের হয়ে যায়। এরপর ১৫ দিন অতিবাহিত হয়ে গেলেও তারা মাদ্রাসায় কিংবা নিজ বাড়িতে ফিরে আসেনি।

​মাদ্রাসা কর্তৃপক্ষ ও তাদের অভিভাবকরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না মেলায়, গত ৯ জুলাই সাটুরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর পুলিশ ও মাদ্রাসা কর্তৃপক্ষ যৌথভাবে তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করার চেষ্টা চালায়। দীর্ঘ অনুসন্ধানের পর আজ শনিবার তাদের অবস্থান নিশ্চিত হওয়া যায়। পরবর্তীতে সাভারের একটি আবাসিক ভবন থেকে তাদের উদ্ধার করা হয়।

​পারিবারিক সূত্রে জানা গেছে, ওই দুই ছাত্রী সেখানে চাকরির কথা বলে একটি বাসা ভাড়া নেয় এবং গত ১৫ দিন যাবত সেখানে আত্মগোপনে ছিল।

​নিখোঁজ শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা জানান, গত ১৫টি দিন তারা চরম দুশ্চিন্তা ও উৎকণ্ঠার মধ্যে কাটিয়েছেন। সন্তানদের অক্ষত অবস্থায় ফিরে পাওয়ায় তারা পুলিশ ও মাদ্রাসা কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ