মানিকগঞ্জে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসবের শুভ সূচনা

🕙 প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৬ । ২:১৫ পিএম

মানিকগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৩টায় শহরের শ্রী শ্রী আনন্দময়ী কালীমন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য রথযাত্রা ও শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালীমন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় নারী-পুরুষসহ বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী ও ভক্ত-অনুরাগীরা অংশ নেন। পুরো শহরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
রথযাত্রার উদ্বোধন করেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা,এমপি । উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, রথযাত্রা উৎসব পালনে যেন কেউ কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে সরকারের কঠোর নির্দেশনা রয়েছে এবং উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “সরকারের মাত্র পাঁচ মাস হয়েছে। এরই মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে দেশের সব মানুষ নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে পারেন।”
মন্ত্রী জানান, আগামী দিনে দেশের আরও ২৫০টি মন্দিরের উন্নয়নকাজ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলায় দুটি মডেল মন্দির এবং শ্মশানঘাট নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, জেলা জজ কোর্টের পিপি নূরতাজ আলম বাহার, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুমসহ জেলা প্রশাসন, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ