সোমবার

৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রান্স সফরে রাজশাহী সিটির প্রশাসককে অনুমতি নয়, প্রকৌশলীকেই গুরুত্ব প্রধানমন্ত্রীর

🕙 প্রকাশিত : ৮ জুন, ২০২৬ । ১২:৩৩ অপরাহ্ণ

সড়ক বাতির বিদ্যুৎ সাশ্রয় প্রযুক্তি সম্পর্কে ধারণা নিতে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসকের ফ্রান্স সফরের প্রস্তাব অনুমোদন দেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, প্রযুক্তিগত বিষয়ে প্রশিক্ষণ বা জ্ঞান অর্জনের জন্য সংশ্লিষ্ট প্রকৌশলীর অংশগ্রহণই বেশি যৌক্তিক।

স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, ফ্রান্সভিত্তিক আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন সেন্টার (এএলএসি) পরিদর্শনের জন্য রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান এবং নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এ বি এম আসাদুজ্জামান সুইটের বিদেশ সফরের প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। সোমবার (৮ জুন) এ বিষয়ে সিদ্ধান্ত দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি সালেহ শিবলী বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রস্তাবের নোটে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বিদ্যুৎ-সাশ্রয়ী স্ট্রিট লাইটিং প্রযুক্তি বিষয়ে অর্জিত জ্ঞান সিটি করপোরেশনের কাজে লাগতে পারে। তবে প্রশাসক প্রকৌশলী নন, তাই তার সফরে অংশগ্রহণের প্রয়োজনীয়তা নেই। প্রয়োজনে শুধুমাত্র সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীকে সফরের অনুমতি দেওয়া যেতে পারে বলেও মত দেন তিনি।

এছাড়া ভবিষ্যতে এ ধরনের প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী প্রকল্পে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এর আগে মশকনিধন কার্যক্রম পর্যবেক্ষণে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনসহ পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাবও অনুমোদন পায়নি। সে সময় প্রধানমন্ত্রী মন্তব্য করেছিলেন, মশকনিধনের কার্যকর উপায় জানতে বিদেশে যাওয়ার প্রয়োজন নেই; দেশের বাস্তব অভিজ্ঞতা থেকেই কার্যকর সমাধান বের করা সম্ভব।

এদিকে সরকারি প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের ক্ষেত্রেও একই ধরনের অবস্থান নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ঈদুল আজহার আগে কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের নাম পরিবর্তন করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে নামকরণের একটি প্রস্তাব অনুমোদন না দিয়ে নতুন প্রতিষ্ঠান স্থাপন করে নামকরণের পরামর্শ দেওয়া হয়েছে।

সরকারি সূত্রগুলো বলছে, সাম্প্রতিক এসব সিদ্ধান্তে বিদেশ সফরের ক্ষেত্রে প্রয়োজনীয়তা ও পেশাগত সংশ্লিষ্টতাকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি নতুন প্রতিষ্ঠান গড়ে তোলার নীতিকে অগ্রাধিকার দেওয়ার ইঙ্গিত মিলেছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ