ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রধান তারেক রহমান। আগামী ২১ ও ২২ জুন দুই দিনের রাষ্ট্রীয় সফরে কুয়ালালামপুর সফরের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে বলে সরকারের উচ্চপর্যায়ের সূত্র নিশ্চিত করেছে।
জানা গেছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আনুষ্ঠানিক আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত সোমবার মালয়েশিয়া সরকার আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে সফরের বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন।
সফরের দ্বিতীয় দিন ২২ জুন দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এখনো সফরের পূর্ণাঙ্গ কর্মসূচি চূড়ান্ত হয়নি, তবে ঢাকা ও কুয়ালালামপুরের কূটনৈতিক সূত্র জানিয়েছে, আগামী সপ্তাহের মধ্যে আলোচ্যসূচি নির্ধারণ হতে পারে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, আঞ্চলিক ভূরাজনীতি এবং ভারত-চীন প্রতিযোগিতার বাস্তবতায় প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরের গন্তব্য নির্ধারণে সরকার কৌশলী অবস্থান নিয়েছে। ভারত কিংবা চীনের পরিবর্তে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়াকে বেছে নেওয়াকে কূটনৈতিক ভারসাম্য রক্ষার বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লি সফরের আমন্ত্রণ জানান। একই সময়ে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের পক্ষ থেকেও বেইজিং সফরের আমন্ত্রণ আসে। তবে শেষ পর্যন্ত নিজের প্রথম রাষ্ট্রীয় সফরের জন্য মালয়েশিয়াকেই বেছে নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
সূত্র জানায়, ঈদের ছুটির আগে গত ২৪ মে মালয়েশিয়া সফর নিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ শুরু করে বাংলাদেশ হাইকমিশন। পরে ১ জুন কূটনৈতিক পত্রের মাধ্যমে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সফরের আমন্ত্রণ নিশ্চিত করেন।
সফরে অভিবাসন, বাণিজ্য, বিনিয়োগ ও শিক্ষা খাতে সহযোগিতার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পেতে পারে। বিশেষ করে শিক্ষা খাতে দুই দেশের সম্পর্ক আরও জোরদারে আগ্রহ দেখিয়েছে মালয়েশিয়া। বর্তমানে দেশটিতে প্রায় ১১ হাজার বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন, যা বিদেশি শিক্ষার্থীদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।
কূটনীতিকদের মতে, শ্রমবাজারের পাশাপাশি শিক্ষা, উৎপাদনশিল্প ও বিনিয়োগে নতুন সম্ভাবনা তৈরির ক্ষেত্রেও এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

