চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (৮ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। জাতীয় পর্যায়ের স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টসহ মন্ত্রণালয় ও বিভাগের বিভিন্ন আয়োজন নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
শিক্ষামন্ত্রী বলেন, “আমাদের এসএসসির রেজাল্ট ২০ জুলাই প্রকাশ করা হবে—সে নির্দেশনা ইতোমধ্যে দেওয়া হয়েছে।”
সংবাদ সম্মেলনে শিক্ষাব্যবস্থার চলমান সংস্কার কার্যক্রম নিয়েও কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী জানান, দেশের শিক্ষাক্রম আধুনিক ও যুগোপযোগী করতে পরিমার্জনের কাজ চলছে। আগামী বছর পাঠ্যক্রমে চারটি নতুন বিষয় যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম বাস্তবায়নের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

