দেশের বন্ধ হয়ে থাকা শিল্পকারখানাগুলো পুনরায় চালু ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি।
সভায় শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন বন্ধ কলকারখানার বর্তমান অবস্থা, সেগুলো পুনরায় চালুর অর্থনৈতিক ও কারিগরি সম্ভাবনা এবং টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলো চালুর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদন বৃদ্ধি এবং দেশের অর্থনীতিতে নতুন গতি আনার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় শিল্প মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

