ভারতের আসাম রাজ্যের যোরহাটে শনিবার (১৩ জুন) সকালে ভারতীয় বিমান বাহিনীর একটি এএন-৩২ পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানঘাঁটিতে অবতরণের সময় দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে ভারতীয় বিমানবাহিনী।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানটি এয়ার ফোর্স স্টেশনের ভেতরেই ভেঙে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। দুর্ঘটনার পর জরুরি সাড়া দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তবে তাৎক্ষণিকভাবে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো নির্দিষ্ট তথ্য জানানো হয়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় বিমানবাহিনী।
বিমানবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তীতে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
এদিকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক প্রতিক্রিয়ায় বলেন, “যোরহাটে বিমানবাহিনীর একটি পরিবহন বিমানের দুর্ঘটনার বিষয়ে আমরা অবগত আছি। বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছি।”
এএন-৩২ একটি দ্বৈত ইঞ্জিনবিশিষ্ট টার্বোপ্রপ সামরিক পরিবহন বিমান, যা দীর্ঘদিন ধরে ভারতীয় বিমানবাহিনীর বহরে ব্যবহৃত হচ্ছে। সোভিয়েত ইউনিয়নে ভারতের প্রয়োজন অনুযায়ী নির্মিত এই বিমানের প্রায় ১০০টি বর্তমানে ভারতীয় বিমানবাহিনীর বহরে রয়েছে।
প্রতিকূল আবহাওয়া ও দুর্গম উচ্চভূমিতে পরিচালনার উপযোগী এই বিমান একসঙ্গে প্রায় ৭ দশমিক ৫ টন মালামাল, ৫০ জন যাত্রী অথবা ৪২ জন প্যারাট্রুপার বহনে সক্ষম। বিশেষ করে দুর্গম অঞ্চলে রসদ সরবরাহে এএন-৩২ নিয়মিত ব্যবহার করা হয়।
উল্লেখ্য, এর আগে গত ৫ মার্চ আসামের কারবি আংলং জেলায় ভারতীয় বিমানবাহিনীর একটি সুখোই সু-৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হন। সেদিন যোরহাট এয়ার ফোর্স স্টেশন থেকে উড্ডয়নের কিছু সময় পর বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে দুর্গম পাহাড়ি এলাকায় সেটির ধ্বংসাবশেষ পাওয়া যায়।

