নাজমুন আরা সুলতানা আহ্বায়ক, সারওয়ার আলম যুগ্ম আহ্বায়ক, গিয়াস মাহমুদ সদস্য সচিব
দীর্ঘদিন পর মানিকগঞ্জে কর্মকর্তাদের বিনোদন, খেলাধুলা, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং কল্যাণমূলক কর্মকাণ্ডকে গতিশীল করতে ঝিমিয়ে পড়া অফিসার্স ক্লাবের ৭ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১১ জুন) রাতে জেলার কর্মরত কর্মকর্তারা স্থানীয় অফিসার্স ক্লাব পরিদর্শন শেষে সার্কিট হাউস মিলনায়তনে এক আলোচনা ও পরিচিতি সভায় এ কমিটি গঠন করেন।
সভায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানাকে আহ্বায়ক, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমকে যুগ্ম আহ্বায়ক এবং পাওয়ার গ্রিড বাংলাদেশের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. গিয়াস মাহমুদকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহজাহান সিরাজ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গকুল চন্দ্র দেবনাথ, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আব্দুল বাতেন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নাজমুল হাসান খান।
অনুষ্ঠানে মানিকগঞ্জ থেকে সদ্য বদলি হওয়া এলজিইডির নির্বাহী প্রকৌশলী এবিএম খোরশেদ আলম এবং সিভিল সার্জন ডা. এ কে এম মোফাখখারুল ইসলামকে জেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
বক্তারা বলেন, সরকারি চাকরির সুবাদে দেশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করতে হয়। রাষ্ট্রের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে দেশ ও মানুষের সেবা করাই সরকারি কর্মকর্তাদের প্রধান লক্ষ্য। মানসিক ও শারীরিক সুস্থতা বজায় রাখতে অফিসার্স ক্লাবের কার্যক্রমকে সক্রিয় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্লাবের কার্যক্রমকে গতিশীল করার মাধ্যমে কর্মকর্তাদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধির পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য মানবিক কর্মকাণ্ডও পরিচালনা করা হবে।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা কর্মকার এবং জেলা কারাগারের জেল সুপার হুমায়ূন কবীর সংগীত পরিবেশন করেন।
এ সময় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বিচার বিভাগ, প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদক এবং জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

