বৃহস্পতিবার

১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের প্রত্যাশা ও কল্যাণকে প্রাধান্য দিয়ে নতুন বাজেট: অর্থমন্ত্রী

🕙 প্রকাশিত : ১১ জুন, ২০২৬ । ৬:৪২ পূর্বাহ্ণ

বাংলাদেশের প্রতিটি নাগরিকের সার্বিক কল্যাণ এবং জাতীয় আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্য সামনে রেখে নতুন অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে যোগ দিতে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এদিন তিনি দেশের অর্থনীতির আগামী এক বছরের আনুষ্ঠানিক রূপরেখা হিসেবে জাতীয় বাজেট উপস্থাপন করেন।

অর্থমন্ত্রী বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবারের বাজেটের প্রতিটি খাত নির্ধারণ করা হয়েছে। জনগণের চাহিদা, বাস্তবতা এবং ভবিষ্যৎ অর্থনৈতিক লক্ষ্যকে বিবেচনায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে।

তিনি বলেন, এবারের বাজেট উপস্থাপনের প্রেক্ষাপট অতীতের তুলনায় ভিন্ন। দীর্ঘদিন পর জনগণের ভোটে নির্বাচিত সরকারের অধীনে জাতীয় বাজেট পেশ করা হচ্ছে। ফলে এই বাজেটকে ঘিরে মানুষের প্রত্যাশাও অনেক বেশি। জনগণের সেই প্রত্যাশা পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের বিদ্যমান আর্থিক সক্ষমতার মধ্যেই বাজেট তৈরি করতে হয়েছে। একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে জাতীয় অর্থনীতিকে স্থিতিশীলতার পথে ফিরিয়ে এনে দীর্ঘমেয়াদে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, সীমিত সম্পদের সর্বোচ্চ সঠিক ব্যবহার নিশ্চিত করে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়েই এই বাজেট বাস্তবায়ন করা হবে।

অর্থমন্ত্রী জানান, এবারের বাজেটের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এর সর্বজনীনতা। দেশের সব নাগরিককে অর্থনীতির মূল ধারায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষ করে সাধারণ মানুষ যাতে জাতীয় ও অর্থনৈতিক কর্মকাণ্ডে সরাসরি অংশ নিতে পারে এবং উন্নয়নের সুফল সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছে যায়, সে বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, একটি প্রকৃত কল্যাণমুখী রাষ্ট্র গঠনের ভিত্তি তৈরির লক্ষ্য নিয়েই নতুন অর্থবছরের এই আয়-ব্যয়ের হিসাব চূড়ান্ত করা হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ