প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি।
বুধবার (১০ জুন) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনের চতুর্থ দিনে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সংসদ সদস্য আবুল কালাম জানতে চান, সম্প্রতি জেলা প্রশাসক সম্মেলনে প্রধানমন্ত্রী দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে যেসব নির্দেশনা দিয়েছেন, সেগুলোর মূল বিষয় কী ছিল।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের জনস্বার্থ সংশ্লিষ্ট একাধিক নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, প্রশাসনিক কাজে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধমূলক ও দমনমূলক ব্যবস্থা জোরদার করতে হবে।
তিনি আরও বলেন, অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা এড়িয়ে দ্রুত, বাস্তবসম্মত ও জনকল্যাণমুখী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। নিয়োগ, বদলি ও পদায়নের ক্ষেত্রে সততা, মেধা ও দক্ষতাকে একমাত্র মানদণ্ড হিসেবে অনুসরণ করার নির্দেশও দেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা বাড়াতে এবং জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম হাতে নিতে হবে। পাশাপাশি সরকারি সেবা প্রদান ব্যবস্থাকে আরও সময়োপযোগী, স্বচ্ছ ও কার্যকর করতে ডিজিটাল রূপান্তর দ্রুত এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারি সেবা যেন হয়রানিমুক্ত, বিলম্বমুক্ত ও স্বচ্ছভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়া যায়, সে জন্য কঠোর তদারকি নিশ্চিত করতে হবে।

