মঙ্গলবার

২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাদপুরে বায়োগ্যাস প্লান্টে বিস্ফোরণ, দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু

🕙 প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৬ । ১১:৩৪ পূর্বাহ্ণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় একটি দুগ্ধ কারখানার বায়োগ্যাস প্লান্টে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন—পোতাজিয়া ইউনিয়নের রেশমবাড়ি গ্রামের দেলবার মোল্লার ছেলে আব্দুল মোমিন (৪৫) এবং কায়েমপুর ইউনিয়নের সস্তাবাজ গ্রামের মৃত সোনা প্রামানিকের ছেলে লাল চাঁদ (৪০)।

জানা যায়, গত শনিবার দুপুরে উপজেলার গাড়াদহ ইউনিয়নের দুর্গাদহ গ্রামের রূপ কুমার ঘোষের দুধের কারখানার পাশে নির্মিত বায়োগ্যাস প্লান্ট পরিষ্কার করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। পাম্প মেশিন দিয়ে পরিষ্কারের সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এতে ট্যাঙ্কের ভেতরে থাকা দুই শ্রমিক মারাত্মকভাবে দগ্ধ হন। তাদের শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে যায়।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় পিপিডি ট্রাস্ট হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয়ভাবে সালিসের মাধ্যমে নিহতদের পরিবারকে ৬ লাখ টাকা করে মোট ১২ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়ে আপোষ-মীমাংসা করা হয়েছে। পরে সোমবার রাতেই তাদের মরদেহ দাফন করা হয়।

কারখানার মালিক রূপ কুমার ঘোষ জানান, শ্রমিকদের একজন সিগারেট ধরানোর সময় ট্যাঙ্কে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না পাওয়ায় মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ