ভূমি ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মকর্তাদের জনসেবক হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেছেন, ভূমির প্রকৃত মালিক সাধারণ মানুষ, আর তাদের সেবায় ভূমি সংশ্লিষ্টদের সর্বদা নিবেদিত থাকতে হবে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে ঢাকার সাতরাস্তার ভূমি ভবন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. মো. মাহমুদ হাসান, অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) মো. এমদাদুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. আশ্রাফুল ইসলাম।
এ সময় প্রতিমন্ত্রী ভূমি ভবনের বিভিন্ন সেবা কার্যক্রম ঘুরে দেখেন। তিনি ভূমি জাদুঘর, শিশু দিবাযত্ন কেন্দ্র, সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিং সেল, ভূমি সেবা কেন্দ্র এবং ভূমি সেবা কল সেন্টার পরিদর্শন করেন।

তিনি বলেন, ভূমি সেবায় দক্ষতা, স্বচ্ছতা ও জনবান্ধবতা নিশ্চিত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আরও সক্রিয় হতে হবে। পাশাপাশি সব ধরনের কাজ দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দেন তিনি। জনসেবায় দীর্ঘসূত্রতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
অফিসের শৃঙ্খলা বজায় রাখতে কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো উপস্থিতি ও দপ্তর ত্যাগ নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে দপ্তরের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন ভূমি প্রতিমন্ত্রী।

