মানিকগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর যুব কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী মো. সাইয়েদ বিন আব্দুল্লাহ।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে তিনি কেন্দ্রটিতে উপস্থিত হয়ে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন।
পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানের ছয়টি ট্রেড, চারটি ভাষা শিক্ষা কোর্স এবং ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং প্রশিক্ষণের মান, ক্লাস পরিচালনা ও কর্মসংস্থানের সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর নেন।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ নূর এ অতএবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে কেন্দ্রটির সার্বিক কার্যক্রম, প্রশিক্ষণের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।
এ সময় মো. সাইয়েদ বিন আব্দুল্লাহ বলেন, দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। দেশের যুবসমাজকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানে যুক্ত করতে সরকার বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। টিটিসিগুলোকে আরও আধুনিক ও যুগোপযোগী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।
পরিদর্শন শেষে তিনি প্রশিক্ষণ কার্যক্রমের মানোন্নয়নে সংশ্লিষ্টদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।

