মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত বলেছেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের প্রতি সরকার জিরো ট্লারেন্স ঘোষণা করেছে। কোনো মাদকসেবী, বিক্রেতা, সন্ত্রাস ও চাঁদাবাজ যেই হোক না কেন তাদের প্রশ্রয় দেয়ার সুযোগ নেই। তাকে রক্ষা করারও সুযোগ নেই। সে যদি আমার দলীয় বিএনপি, যুবদল, ছাত্রদল যেই হোক, তাকে ছাড় দেয়া হবে না। এ ব্যাপারে আমাদের সরকার জিরো টলারেন্স।
২ মে (শনিবার) দুপুরে মানিকগঞ্জের হরিরামপুরের কাঞ্চনপুর ইউনিয়নের কুশিয়ারচর কালিতলা নদী শাসনে জিও ব্যাগের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামানের সভাপতিত্বে তিনি বলেন, আমাদের সরকারের বয়স মাত্র দুই মাস। এই দুই মাসে আপনাদের অনেক দাবির কথা আমার কাছে এসেছে। সব কাজ তো আর আমরা এক সাথে করতে পারব না। আর সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের ফান্ড নাই। তার পরেও সামনে বর্ষা মৌসুমে আপনাদের কথা চিন্তা করে জরুরি ভিত্তিতে আপাদকালীন জিও ব্যাগের জন্য ৪৯ লাখ টাকা বরাদ্দের ব্যবস্থা করেছি। এটা দিয়েই আাপাতত আপদকালীন ৬০ মিটার জিও টিউবের কাজ করা হবে।
তিনি আরও বলেন, এই হরিরামপুরের ভাঙন কবলিত এলাকার দৈর্ঘ্য ১২ কিলোমিটার। আমি আজ কথা দিয়ে যাচ্ছি, এই ১২ কিলোমিটারের কাজ আগামী বছর থেকে শুরু হবে ইনশাল্লাহ। আমাদের কাজ করার ইচ্ছে থাকলেও বাজেটের অভাবে করতে পারছি না। আশা করি, আগামী বছর কাজগুলো আমরা করতে পারব। এ ব্যপারে আপনাদের একটু ধৈর্য ধারণ করতে হবে।
পানি উন্নয়ন রোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান বলেন, বাজেট স্বল্পতার কারণে যতটুকু কাজ করা প্রয়োজন আমরা তা করতে পারছি না। তবে জরুরি ভিত্তিতে আপদকালীন ৬০ মিটার জিও টিউবের কাজ অনুমোদন পেয়েছি। এই কাজে যেন কোনো প্রকার গাফলতি না হয় সেজন্য আপনারা যারা এলাকাবাসী আছেন নজর রাখবেন। একটা একটা করে জিও ব্যাগ আপনারা গুনে গুনে ফেলবেন। পানি উন্নয়ন বোর্ডে বরাবরই আপনাদের জন্য নিরলসভাববে কাজ করে যাচ্ছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক এড. জামিলুর রশিদ খান, উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা, সাধারণ সম্পাদক শামীম আহমেদ, সিনিয়র সহসভাপতি আব্দুল কুদ্দুস, সভাপতি আব্দুল মতিন মোল্লা লাভলু, গালা ইউনিয়নের চেয়ারম্যান শফিক বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইমুন চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল হাই শিকদার পিয়ারা, কাঞ্চনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন মুসা, কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের কোন ছাড় নেই : মঈনুল ইসলাম খান শান্ত এমপি
🕙 প্রকাশিত : ২ মে, ২০২৬ । ১০:২৫ পূর্বাহ্ণ

