মানিকগঞ্জ সদর উপজেলার ৭নং ওয়ার্ড পশ্চিম বান্দুটিয়া এলাকার জাদুঘর প্রাঙ্গণে দিনব্যাপী বিনা মূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। জাদুঘরে রহিমুন্নেছা-এনায়েত ফাউন্ডেশন, মেহের-আজিজ ফাউন্ডেশন, মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ (ঢাকা)-এর উদ্যোগে এবং ঢাকা লায়ন্স ক্লাবের তত্ত্বাবধানে আজ সকাল ৯টা থেকে এই জনসেবামূলক কার্যক্রম শুরু হয়।
মানিকগঞ্জ জাদুঘরের সভাপতি অধ্যাপক আবুল ইসলাম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ আফরোজা খানম রিতা, এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মানিকগঞ্জ নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মানিকগঞ্জ মোহাম্মদ সারওয়ার আলম, প্রশাসক মানিকগঞ্জ জেলা পরিষদ অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, সিভিল সার্জন মানিকগঞ্জ এ.কে.এম. মোফাখখারুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, চিকিৎসক ও সমাজসেবীরা।
শিবিরে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞরা আগত রোগীদের চোখ পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করেন। এছাড়া বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় এবং জটিল রোগীদের উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়।
আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

