বৃহস্পতিবার

২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘিওরে মৌমাছি রক্ষায় মানববন্ধন

🕙 প্রকাশিত : ২০ মে, ২০২৬ । ১:০৭ অপরাহ্ণ

“কৃষিতে রাসায়নিক প্রভাব বন্ধ করি, বিপন্ন মৌ-পতঙ্গ রক্ষা করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের ঘিওরে বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষে মানববন্ধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২০ মে) বিকেলে ঘিওর প্রেসক্লাবের সামনে বারসিক (BARCIK) ও গ্রিন কোয়ালিশনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানিকগঞ্জ জেলা গ্রিন কোয়ালিশনের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত অধ্যাপক অজয় কুমার রায়, প্রভাষক দেলোয়ার রহমান খান, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়, জয়নগর নারী সংগঠনের সভাপতি দীপালী রানী বিশ্বাস, সমাজকর্মী আতাউর রহমান তোহা, সুবীর সরকারসহ আরও অনেকে।

বক্তারা বলেন, অতিরিক্ত ও বিষাক্ত কীটনাশকের ব্যবহারে মৌমাছিসহ বিভিন্ন পরাগায়নকারী পতঙ্গ মারাত্মক হুমকির মুখে পড়ছে। এতে কৃষি উৎপাদন, খাদ্য নিরাপত্তা ও জীববৈচিত্র্যের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা বলেন, মৌমাছি শুধু মধু উৎপাদনেই নয়, ফসলের পরাগায়নের মাধ্যমে খাদ্যশৃঙ্খল সচল রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আলোচনা সভায় পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তোলা, জৈব কৃষির সম্প্রসারণ, বনায়ন বৃদ্ধি এবং মৌমাছি সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা ঘিওর ইউএনও ও ঘিওর প্রেসক্লাবে স্মারকলিপি প্রদান করেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ