মানিকগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে জেলার ১৪২ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তির অর্থ ও সনদ বিতরণ করা হয়েছে।
বুধবার (২০ মে) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, ২০২৪-২০২৫ অর্থবছরের রাজস্ব তহবিল থেকে কৃতী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা দিতে এ বৃত্তির ব্যবস্থা করা হয়। এর মধ্যে এসএসসি উত্তীর্ণ ৮৬ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৮ হাজার টাকা করে মোট ৬ লাখ ৮৮ হাজার টাকা এবং এইচএসসি উত্তীর্ণ ৫৬ জন শিক্ষার্থীকে জনপ্রতি ১০ হাজার টাকা করে মোট ৫ লাখ ৬০ হাজার টাকা প্রদান করা হয়েছে। সব মিলিয়ে ১৪২ জন শিক্ষার্থীর মাঝে মোট ১২ লাখ ৪৮ হাজার টাকা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান ও নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা. মোহাম্মদ নাসিমুল ইসলাম, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. শহিদুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল আলীম, মো. আতাউর রহমানসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, ঝরে পড়া রোধ এবং উচ্চশিক্ষায় উৎসাহ দিতে জেলা পরিষদের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই বৃত্তি শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে অনুপ্রেরণা যোগাবে বলেও তারা আশা প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতেও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বাস দেওয়া হয়।

