বর্তমান সরকার পদ্মা ব্যারাজ প্রকল্পের পাশাপাশি তিস্তা ব্যারাজ প্রকল্পও বাস্তবায়নের উদ্যোগ নেবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শুষ্ক মৌসুমে কৃষিজমিতে পানির স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে।
বুধবার (২০ মে) বিকেলে গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “সরকার পদ্মা ব্যারাজ প্রকল্প হাতে নিচ্ছে। কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে আমরা অঙ্গীকার করছি, শুধু পদ্মা নয়, তিস্তা ব্যারাজ প্রকল্পও বাস্তবায়নে সরকার কাজ করবে।”
তিনি বলেন, অনেকেই রাজনৈতিক জনপ্রিয়তার জন্য নানা ধরনের বক্তব্য দিতে পারেন, তবে সরকার বাস্তবসম্মত উন্নয়ন পরিকল্পনা নিয়েই এগোচ্ছে।
ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, “মাটির নিচের পানির স্তর ক্রমেই নিচে নেমে যাচ্ছে। এতে কৃষকরা সেচের জন্য পর্যাপ্ত পানি পাচ্ছেন না। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করছে।”
দুর্যোগ ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “প্রাকৃতিক দুর্যোগ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। কিন্তু সচেতনতা ও প্রশিক্ষণের মাধ্যমে ক্ষয়ক্ষতি কমানো যায়। নতুন এই গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে দুর্যোগ মোকাবিলা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।”
তারেক রহমান আরও বলেন, “আমরা গরিব দেশ হলেও আমাদের সম্পদ রয়েছে। সেই সম্পদ সঠিকভাবে রক্ষা ও ব্যবস্থাপনা করতে পারলে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব। এজন্য প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হবে।”

