আগামী বছর হজযাত্রা আরও সাশ্রয়ী ও নিরাপদ করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, হজের খরচ যেন মধ্যবিত্তের নাগালের মধ্যে থাকে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (২০ এপ্রিল) সকালে রাজধানীর উত্তরার আশকোনা হজক্যাম্প পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি হজ ব্যবস্থাপনার সার্বিক প্রস্তুতি ও সেবার মান নিয়েও কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, চলতি বছর হজযাত্রায় বিমানের ভাড়া ১২ হাজার টাকা কমানো হয়েছে। স্বল্প সময়ের মধ্যে হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
হজযাত্রীদের খাবারের মান নিয়ে কিছু অভিযোগ পাওয়ার প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি সরেজমিনে হজক্যাম্প পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এদিকে, হজযাত্রার তৃতীয় দিনে ১৩টি ফ্লাইটে মোট ৫ হাজার ৩৪৫ জন যাত্রী সৌদি আরবের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। এর আগে রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ৪টি ফ্লাইট ঢাকা ছেড়েছে।
প্রতিমন্ত্রী জানান, এবার হজ ব্যবস্থাপনা নিয়ে অধিকাংশ যাত্রী সন্তোষ প্রকাশ করেছেন। ভবিষ্যতে আরও সমন্বিত পরিকল্পনার মাধ্যমে হজযাত্রাকে সহজ, সাশ্রয়ী ও নিরাপদ করা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

