রবিবার

১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

তদবিরেই থামল সেই বিতর্কিত সিংগাইর উপজেলা ইঞ্জিনিয়ারের বদলির চাকা!

🕙 প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৬ । ১:১২ অপরাহ্ণ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা জুড়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে বিতর্কিত উপজেলা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুল ইসলাম ভূঁইয়া। অফিসিয়ালি বদলির আদেশ জারির পরও দায়িত্ব বুঝিয়ে না দিয়ে প্রায় তিন সপ্তাহ সময়ক্ষেপণ করে শেষ পর্যন্ত তদবিরের মাধ্যমে বদলির আদেশ স্থগিত করিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
রোববার (১৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন একই অফিসের এক উপ-সহকারী প্রকৌশলী। তিনি জানান, বদলির স্থগিতাদেশের কারণে নতুনভাবে পদায়ন পাওয়া ইঞ্জিনিয়ার গোলাম সামদানী এখনো দায়িত্ব বুঝে নিতে পারছেন না।
এর আগে গত ২৯ মার্চ আশরাফুল ইসলাম ভূঁইয়ার বদলির আদেশ জারি হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নতুন ইঞ্জিনিয়ার গোলাম সামদানী যোগদান করতে এলেও তাকে দীর্ঘ ২২ দিন নানা অজুহাতে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে ১৫ এপ্রিল বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ ছিল না।
এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ক্ষোভ প্রকাশ করেন।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আলাউদ্দিন মন্তব্য করেন, “আশরাফুল ইসলাম শুধু প্রকৌশলী নন, তিনি উচ্চমানের ঠিকাদারও বটে,” এবং বেনামী লাইসেন্সের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ তোলেন।
তবে একাধিক সূত্র দাবি করেছে, জুন ক্লোজিং সামনে রেখে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিল-ভাউচার পাসের সঙ্গে সংশ্লিষ্ট আর্থিক সুবিধা পাওয়ার লক্ষ্যেই তিনি পদ ছাড়তে অনীহা দেখাচ্ছিলেন। শেষ পর্যন্ত প্রভাব খাটিয়ে বদলির আদেশ স্থগিত করানোয় এলাকায় সমালোচনার ঝড় বইছে।
এ বিষয়ে সিংগাইরে পদায়নকৃত ইঞ্জিনিয়ার গোলাম সামদানী বলেন,বদলির আদেশ ৩০ জুন পর্যন্ত স্থগিত হওয়ায় চার্জ বুঝে নিতে পারছি না।

এদিকে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম ভূঁইয়া ফোন রিসিভ করেননি।

ঘটনাটি এখন স্থানীয় প্রশাসন ও জনমনে প্রশ্ন তুলেছে—একজন কর্মকর্তার বদলি আদেশ কি এভাবেই স্থগিত হতে পারে?

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ