রাজনৈতিক অতীত নয়, বরং বর্তমান আদর্শ ও স্বচ্ছ ভাবমূর্তিকে গুরুত্ব দিয়েই জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরাও চাইলে এনসিপিতে যোগ দিতে পারবেন।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন থেকে নেতাকর্মীদের এনসিপিতে যোগদানের উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
নাহিদ ইসলাম বলেন, “অতীতে কেউ ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ কিংবা ছাত্রলীগ—যে সংগঠনই করুক না কেন, সেটি এনসিপির কাছে মুখ্য বিষয় নয়। যারা আজ থেকে এনসিপিতে যুক্ত হবেন, তারা দলের আদর্শ ধারণ করে নেতাকর্মী হিসেবে কাজ করবেন।”
তবে দলীয় অন্তর্ভুক্তির ক্ষেত্রে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদী কর্মকাণ্ডে জড়িত, গণহত্যার সঙ্গে সংশ্লিষ্ট বা সমর্থনকারী, চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের জন্য এনসিপির দরজা বন্ধ থাকবে।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, সংস্কার ও গণভোটকে কেন্দ্র করে যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা সরকার যথাযথভাবে কাজে লাগাতে পারেনি। তাঁর মতে, “একটি দলের জায়গায় আরেকটি দল আসলেও কাঠামোগত কোনো পরিবর্তন হয়নি।”
তিনি আরও অভিযোগ করেন, দেশে চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাস বৃদ্ধি পাচ্ছে এবং জনগণের রায় উপেক্ষিত হচ্ছে। এ অবস্থায় একটি বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন।

