দিনাজপুর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিজ বাসায় দগ্ধ হয়ে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে শহরের সুইহারী আশ্রমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সুইহারী আশ্রমপাড়া এলাকার বাসিন্দা তপন সরকার ও তার স্ত্রী লতা সরকার।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ একটি বাড়ি থেকে আগুনের শিখা দেখতে পান প্রতিবেশীরা। পরে তারা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর পর ঘরের ভেতর থেকে দম্পতির মরদেহ উদ্ধার করা হয়।
দিনাজপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ওবায়দুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত করতে তদন্ত চলছে।
এদিকে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরনবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, আগুনের প্রকৃত কারণ ও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি আরও পরিষ্কার হবে।

