বুধবার

১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাধীনতার পর সংসদে বেসরকারি সদস্যদের ৯টি বিল পাস

🕙 প্রকাশিত : ১২ মে, ২০২৬ । ৩:০৪ অপরাহ্ণ

স্বাধীনতার পর থেকে দেশের জাতীয় সংসদে বেসরকারি সদস্যদের উত্থাপিত মোট নয়টি বিল পাস হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর মধ্যে একটি বিল ছিল বিরোধী দলের সদস্যের আনা, আর বাকি আটটি বিল এসেছে ক্ষমতাসীন দল বা জোটের সংসদ সদস্যদের কাছ থেকে।

মঙ্গলবার (১২ মে) জাতীয় সংসদের ‘বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব’ সম্পর্কিত কমিটির প্রথম বৈঠকে এ তথ্য তুলে ধরা হয়।

সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, মন্ত্রী বা প্রতিমন্ত্রীর দায়িত্বে নেই— এমন সংসদ সদস্যদের বেসরকারি সদস্য বলা হয়। তাদের উত্থাপিত বিলগুলো ‘বেসরকারি বিল’ হিসেবে পরিচিত।

আলোচনায় জানানো হয়, স্বাধীনতার পর প্রথম থেকে দ্বাদশ জাতীয় সংসদ পর্যন্ত সময়ে মোট নয়টি বেসরকারি বিল পাস হয়েছে। তবে প্রথম, ষষ্ঠ ও দ্বাদশ সংসদে কোনো বেসরকারি বিল উত্থাপন করা হয়নি। এর মধ্যে ষষ্ঠ সংসদের মেয়াদ ছিল মাত্র ১২ দিন, প্রথম সংসদের মেয়াদ ছিল ২ বছর ৭ মাস এবং দ্বাদশ সংসদের মেয়াদ ছিল ৬ মাস ৮ দিন।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় গত ১২ মার্চ এবং শেষ হয় ৩০ এপ্রিল। অধিবেশনের প্রথম দিনেই ‘বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব’ সম্পর্কিত কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি করা হয়েছে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহানকে।

তার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বেসরকারি সদস্যদের বিলের খসড়া প্রণয়নে সংসদ সদস্যদের সহায়তা দিতে সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ ড্রাফটিং ইউনিটকে আরও সক্রিয় ভূমিকা রাখার সুপারিশ করা হয়।

বৈঠকে কমিটির সদস্য ও আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, আমানউল্লাহ আমান, আবুল খায়ের ভূঁইয়া, তাহসিনা রুশদীর, মুহাম্মদ নওশাদ জমির, শাহজাহান চৌধুরী এবং নূরুল ইসলাম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সংসদ অধিবেশন চলাকালে বৃহস্পতিবার সাধারণত ‘বেসরকারি দিবস’ হিসেবে বিবেচিত হয় এবং এদিন বেসরকারি সদস্যদের কার্যক্রম অগ্রাধিকার পায়। তবে প্রয়োজনে স্পিকার দিনটিকে সরকারি কার্যদিবস হিসেবেও ঘোষণা করতে পারেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ