বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়টি কেন্দ্রীয় সরকারের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে আলোচনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি, কোরবানির পশুরহাটের নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি বিষয়ক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার বিষয়টি কূটনৈতিক পর্যায়ে আলোচনা হবে। আমাদের মূল উদ্বেগ হচ্ছে সীমান্ত নিরাপত্তা এবং যেন কোনো ধরনের ‘পুশইন’ না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকা।”
আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করতে বৈঠকে আলোচনা হয়েছে এবং এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়েও পৃথক সভা অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, ঈদের আগে পোশাক শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ঈদের আগে ও পরে মোট ৭ দিন পুলিশ সদর দপ্তরের হটলাইন চালু থাকবে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
পশুরহাটের নিরাপত্তা নিশ্চিত করতে সিটি করপোরেশনগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাল নোট শনাক্তে পশুরহাটে বিশেষ মেশিন বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি পশুবাহী যানবাহনে চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু করা হয়েছে।
ঈদের জামাতের নিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।
চামড়া সংরক্ষণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, “চামড়া সংরক্ষণের জন্য ২০ কোটি টাকার লবণ বিতরণ করা হবে।”
সীমান্তে কাঁটাতারের বেড়া ইস্যুতে কূটনৈতিক আলোচনার ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর
🕙 প্রকাশিত : ১২ মে, ২০২৬ । ১২:৩১ অপরাহ্ণ

