পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যাত্রীবাহী প্রতিটি ট্রেনে নারী যাত্রীদের জন্য আলাদা একটি কামরা সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১২ মে) এক সম্পূরক আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন আদালত।
বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশনা প্রদান করেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আজমল হোসেন খোকন। তিনি জানান, ১৮৯০ সালের রেলওয়ে আইন-এর ৬৪ ধারায় প্রতিটি ট্রেনে নারীদের জন্য নির্দিষ্ট কামরা রাখার বিধান রয়েছে। এছাড়া ৫০ মাইলের বেশি দূরত্ব অতিক্রমকারী ট্রেনে ওই কামরার সঙ্গে একটি শৌচাগার সংযুক্ত থাকার কথাও আইনে উল্লেখ আছে।
আইনজীবী আরও বলেন, দীর্ঘদিন ধরেও আইনের এই বিধান বাস্তবায়ন না হওয়ায় ২০২১ সালে আইনজীবী মমতাজ পারভীন একটি রিট আবেদন করেন। পরে গত ১০ মার্চ হাইকোর্ট এ বিষয়ে রুল জারি করে সংশ্লিষ্টদের কাছে কারণ জানতে চান।
চলমান ওই রুলের ওপর সম্পূরক আবেদনের শুনানি শেষে মঙ্গলবার আদালত ঈদযাত্রাকে সামনে রেখে নারী যাত্রীদের জন্য পৃথক কামরা রাখার নির্দেশ দেন।
আইনজীবী আজমল হোসেন খোকন বলেন, “আইনে স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও বাস্তবে তা কার্যকর হয়নি। ঈদযাত্রায় নারী যাত্রীদের নিরাপত্তা ও ভোগান্তি কমানোর লক্ষ্যে আদালতে আবেদন করা হয়েছিল।”
ঈদযাত্রায় নারী যাত্রীদের জন্য ট্রেনে বিশেষ কামরার নির্দেশ হাইকোর্টের
🕙 প্রকাশিত : ১২ মে, ২০২৬ । ১২:২২ অপরাহ্ণ

