নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভাড়া বাসায় গ্যাস বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
সোমবার (১১ মে) সকাল সাড়ে ৬টার দিকে ফতুল্লার শিবু মার্কেট সংলগ্ন কুতুবপুর রাখিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ পরিবারটির গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়।
আহতরা হলেন আব্দুল কাদের (৫০) এবং তার তিন ছেলে মেহেদী (১৭), সাকিব (১৬) ও রাকিব (১৬)।
স্থানীয় বাসিন্দা মো. ফারুক জানান, একতলা ভবনের একটি ইউনিটে স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন আব্দুল কাদের। সকালে হঠাৎ বিকট শব্দে আশপাশের মানুষ ছুটে এসে দেখতে পান বাসার দরজা-জানালা ভেঙে গেছে এবং ঘরের ভেতর থেকে দগ্ধ অবস্থায় পরিবারের সদস্যরা বের হচ্ছেন।
পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাস অথবা ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণের কারণে এ ঘটনা ঘটতে পারে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আব্দুল কাদেরের শরীরের ৫৭ শতাংশ, মেহেদীর ১৮ শতাংশ, সাকিবের ১৭ শতাংশ এবং রাকিবের ২৫ শতাংশ পুড়ে গেছে।
তিনি আরও জানান, মেহেদী ও রাকিবের শ্বাসনালীও দগ্ধ হয়েছে। চারজনের অবস্থাই আশঙ্কাজনক এবং তাদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে।

