মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ২৫ লাখ টাকার চিংড়ির রেণু পোনা জব্দ করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এ অভিযানে একটি মাইক্রোবাস থেকে এসব রেণু পোনা উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, সকাল ৬টা থেকে দুপুর সাড়ে ১১টা পর্যন্ত পাটুরিয়া স্টেশন ও রাজবাড়ি কন্টিনজেন্টের সমন্বয়ে সাত সদস্যের একটি টহল দল অভিযান চালায়। এ সময় দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় সন্দেহভাজন একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে প্রায় ৫ লাখ চিংড়ির রেণু পোনা জব্দ করা হয়।
পরে জব্দকৃত রেণু পোনাগুলো গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে অবমুক্ত করা হয়।
কন্টিনজেন্ট কমান্ডার (পেটি অফিসার) এম শাহিন আলম জানান, মৎস্য আইন অনুযায়ী চিংড়ির রেণু পোনা আহরণ, পরিবহন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। এতে নদীর প্রাকৃতিক মৎস্য সম্পদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নদীর জীববৈচিত্য রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।

