রবিবার

২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশের নতুন পোশাক নিয়ে ভাবছে সরকার, অসন্তোষের কথা স্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর

🕙 প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৬ । ৯:৩৪ পূর্বাহ্ণ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বর্তমান পোশাক নিয়ে সন্তুষ্ট নন দেশের পুলিশ সদস্যরা। শনিবার (২৮ মার্চ) সকালে সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তিনি বুঝতে পেরেছেন যে বর্তমান ইউনিফর্ম নিয়ে বাহিনীর মধ্যে অসন্তোষ রয়েছে। তিনি বলেন, “বাংলাদেশ পুলিশের একটি প্রত্যাশা আছে। ঐতিহ্যবাহী ও মানসম্মত একটি নতুন পোশাক দেওয়ার বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা করে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে।”

তিনি আরও বলেন, সরকার পুলিশকে কোনো দল বা গোষ্ঠীর বাহিনী হিসেবে নয়, বরং জনগণের বন্ধু হিসেবে দেখতে চায়। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক, সেবাধর্মী ও মানবিক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে কাজ চলছে। এ জন্য জনবল বৃদ্ধি ও বিভিন্ন সংস্কার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনের বিষয়েও সরকার কাজ করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দক্ষ ও পেশাদার পুলিশ বাহিনী গড়ে তুলতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একাত্তরে শহীদ বীর পুলিশ সদস্যদের স্মরণ করে তিনি নবীন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, তারা এমন এক সময়ে কর্মজীবনে প্রবেশ করছেন যখন দেশ একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এ প্রেক্ষাপটে সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

নবীন পুলিশ কর্মকর্তাদের জনগণের সেবক হিসেবে কাজ করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সাধারণ মানুষ থানায় এলে যেন তারা আপনাদের মধ্যে সেবার মানসিকতা খুঁজে পায়।” পাশাপাশি ডিজিটাল অপরাধ দমনে প্রযুক্তিগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ