পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান।
বাণীতে প্রধানমন্ত্রী বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে ঈদ মোবারক জানাচ্ছেন। ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব, যা মাসব্যাপী সিয়াম সাধনা শেষে আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে।
তিনি উল্লেখ করেন, পবিত্র রমজান মাস সংযম, ত্যাগ, খেদমত ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। এই সাধনা মানুষের মধ্যে আত্মসংযম গড়ে তোলে এবং অন্যের কষ্ট অনুভব করার মানসিকতা তৈরি করে। ফলে সমাজে সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব জাগ্রত হয়। রমজানের এই শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রজীবনে প্রতিফলিত করাই ঈদের প্রকৃত তাৎপর্য।
প্রধানমন্ত্রী আরও বলেন, ঈদ আমাদের ধনী-গরিব, ছোট-বড় সব ধরনের ভেদাভেদ ভুলে ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানায়। এ দিনে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান তিনি।
জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধন আরও সুদৃঢ় হোক—এই প্রত্যাশা ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ঈদের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি মানবিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বাণীর শেষে তিনি মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করেন, যেন ঈদের আনন্দ, রহমত ও বরকত সবার জীবনে বর্ষিত হয় এবং দেশ ও জাতি শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যায়।

