বরিশাল নগরীতে শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে বিএনপি নেতাকর্মীদের মোটরসাইকেল বহর ঘটনাস্থলে পৌঁছালে কেক ও ব্যানার ফেলে দ্রুত সেখান থেকে সরে যান তারা।
মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১০টার দিকে নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের নবগ্রাম রোডের কুদঘাটা মোল্লা বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কেক ও ব্যানার জব্দ করে থানায় নিয়ে যায় এয়ারপোর্ট থানা পুলিশ।
২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক নাসির উদ্দীন হাওলাদার জানান, রাতের আঁধারে মোল্লা বাড়ির সামনে সড়কে শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদযাপনের জন্য কেক কাটার আয়োজন করে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। তারা সেখানে ব্যানার টাঙিয়ে স্লোগানও দেয়। খবর পেয়ে বিএনপি নেতাকর্মীরা মোটরসাইকেলে ঘটনাস্থলে গেলে তারা কেক ও ব্যানার ফেলে পালিয়ে যায়।
বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার উপ-পরিদর্শক দেব সরকার বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় শেখ মুজিবুর রহমানের নাম লেখা একটি জন্মদিনের কেক ও একটি ব্যানার জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, একই দিন সন্ধ্যায় শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল আয়োজনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজিব হোসেন খান এ কর্মসূচির আয়োজন করেন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে শহীদ মিনারে ব্যানার টাঙিয়ে দোয়া-মোনাজাত ও স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। ভিডিওটি কাউনিয়া থানা এলাকার বলে দাবি করা হলেও এ বিষয়ে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, তাদের এলাকায় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতেও তিনজন ছাত্রলীগ সমর্থককে জন্মদিন উপলক্ষে কেক সামনে রেখে স্লোগান দিতে দেখা গেছে।

