মঙ্গলবার

১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

জুরাছড়িতে এনসিপির পুরো কমিটির পদত্যাগ, একযোগে সরে দাঁড়ালেন ৮৭ নেতা

🕙 প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬ । ৯:৫৯ পূর্বাহ্ণ

রাঙামাটির জুরাছড়ি উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা আহ্বায়কসহ পূর্ণাঙ্গ কমিটির সব সদস্য একযোগে পদত্যাগ করেছেন। সোমবার (৯ মার্চ) এক জরুরি সভায় ৮৭ সদস্যের কমিটির সবাই সম্মিলিতভাবে এ সিদ্ধান্ত নেন।

উপজেলা কমিটির আহ্বায়ক অসিম চাকমা বিষয়টি নিশ্চিত করে জানান, তারা ইতোমধ্যে রাঙামাটি জেলা কমিটির কাছে লিখিত পদত্যাগপত্র জমা দিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অন্য একটি বড় রাজনৈতিক দলের সঙ্গে এনসিপির জোট গঠনের সিদ্ধান্তকে কেন্দ্র করেই এই গণপদত্যাগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

পদত্যাগকারী নেতাকর্মীদের দাবি, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা নিয়ে তারা দলটিতে যোগ দিয়েছিলেন। তবে সাম্প্রতিক সময়ে একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠনের সিদ্ধান্ত নেওয়ায় তাদের মনে হয়েছে দলটি নিজস্ব আদর্শ ও স্বকীয়তা থেকে সরে গেছে।

উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক দেবাশীষ চাকমা বলেন, চলতি বছরের ১০ জানুয়ারি তাদের ৮৭ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলের পরিবর্তিত অবস্থানের সঙ্গে নিজেদের আদর্শিক মিল না থাকায় তারা আর সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে আগ্রহী নন।

জাতীয় নাগরিক পার্টির রাঙামাটি জেলা শাখার আহ্বায়ক বিপিন জ্যোতি চাকমা জুরাছড়ি উপজেলা কমিটির এই গণপদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এনসিপির দক্ষিণাঞ্চলীয় সংগঠক মনজিলা সুলতানা ঝুমা জানান, তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় সূত্রের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছেন।

তিনি বলেন, পদত্যাগের ক্ষেত্রে নির্ধারিত সাংগঠনিক নিয়ম মেনে সংশ্লিষ্ট কমিটির কাছে লিখিত পদত্যাগপত্র জমা দেওয়া বাধ্যতামূলক। তার মতে, জোট গঠনের কারণে পদত্যাগের সিদ্ধান্ত হলে তা নির্বাচনের আগেই নেওয়া উচিত ছিল। নির্বাচন পরবর্তী সময়ে এই সিদ্ধান্ত নেওয়ায় এর পেছনে অন্য কোনো রাজনৈতিক চাপ থাকতে পারে বলেও তিনি ধারণা প্রকাশ করেন।

তবে রাজনৈতিক চাপের অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন উপজেলা কমিটির আহ্বায়ক অসিম চাকমা। তিনি বলেন, কোনো চাপের মুখে নয়, বরং আদর্শগত ভিন্নতার কারণেই তারা স্বেচ্ছায় দলের সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জুরাছড়ি উপজেলায় একযোগে এত সংখ্যক নেতাকর্মীর পদত্যাগ পার্বত্য অঞ্চলে এনসিপির সাংগঠনিক কাঠামোর ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ