মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ বাজারে সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে আক্কাছ আলী নামের এক সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার দুপুরে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড প্রদান করেন।
সাটুরিয়া উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, হরগজ বাজারের সার ব্যবসায়ী আক্কাছ আলী সার ব্যবস্থাপনা আইনের ১২/১ ধারা লঙ্ঘন করায় ১২/৩ ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত হন। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন এবং তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়।
অভিযান পরিচালনাকালে সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম, সংশ্লিষ্ট ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা এবং সাটুরিয়া থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম জানান, সার বাজারে শৃঙ্খলা বজায় রাখা ও কৃষকদের স্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান ও তদারকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

