মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পশ্চিম কাউন্নারা গ্রামের একটি নির্জন স্থান থেকে ১৬ পিস ইয়াবা ও ১ লিটার দেশীয় মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি রামরাবন গ্রামের মৃত সিধাম চন্দ্র মনিদাসের ছেলে রুবেল চন্দ্র মনিদাস।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক ৮টার দিকে রামরাবন এলাকা থেকে মাদক বিক্রি করার উদ্দেশ্যে সাটুরিয়ার কাউন্নারা গ্রামে আসে রুবেল চন্দ্র মনিদাস। এ সময় তার চলাফেরা সন্দেহজনক মনে হলে কাউন্নারাবাসী তাকে ঘিরে ফেলে। পরে তল্লাশি চালিয়ে তার কাছে থাকা ১৬ পিস ইয়াবা ও ১ লিটার মদ জব্দ করা হয়।
পরবর্তীতে সাটুরিয়া উপজেলা ছাত্রদলের নতুন কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আল-আমিনের সহযোগিতায় উদ্ধারকৃত মাদকসহ তাকে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, ১৬ পিস ইয়াবা ও মদসহ গ্রেপ্তারকৃত আসামিকে আজ সকাল ১০টার দিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ওসি মো. মোশাররফ হোসেন আরও বলেন, মাদকের ভয়াবহ থাবা থেকে সমাজকে রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে পুলিশকে সহযোগিতা করতে হবে। এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা ও পুলিশের নিরলস প্রচেষ্টায় সাটুরিয়া উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করাই আমাদের মূল লক্ষ্য।

