ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জন নিহত হয়েছেন। কলকাতা পুলিশের তথ্য অনুযায়ী, নিহত সবাই বাংলাদেশের নাগরিক। এ ঘটনায় আরও ৮ জন গুরুতর আহত হয়েছেন।
আহতদের দ্রুত উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতরা চিকিৎসার উদ্দেশ্যে ভারতে গিয়ে পাঁচতলা ভবনের তৃতীয় তলায় অবস্থিত ‘হোটেল শিখা ইন’-এ অবস্থান করছিলেন।
হোটেলের আবাসিক গেস্ট মো. রফিকুল ইসলাম জানান, বুধবার (১৯ আগস্ট) রাত পৌনে ২টার দিকে তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে পুরো ভবন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়লে অনেকেই ভেতরে আটকা পড়েন।
সরু প্রবেশপথ ও পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় উদ্ধারকাজে জটিলতা তৈরি হয়। তবে ঘটনাস্থল দমকল বাহিনীর সদর দপ্তরের কাছাকাছি হওয়ায় দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং উদ্ধার অভিযান শুরু করেন।
দমকল বাহিনীর প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ভবনে বিভিন্ন নামে আরও কয়েকটি আবাসিক হোটেল রয়েছে। এসব হোটেলে বাংলাদেশ থেকে চিকিৎসা ও ভ্রমণের উদ্দেশ্যে যাওয়া মানুষজন নিয়মিত অবস্থান করেন।
অগ্নিকাণ্ডের সময় ভবনটিতে মোট কতজন অবস্থান করছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আগুনের ঘটনায় হতাহতদের পরিচয় ও ঘটনার বিস্তারিত নিয়ে তদন্ত চলছে।

