স্পেনের তরুণ ফুটবল তারকা লামিন ইয়ামাল এবার স্মারক সংগ্রহের বাজারে নতুন ইতিহাস গড়েছেন। বার্সেলোনার এই ফুটবলারের বিরল ‘ওয়ান অব ওয়ান’ কাবুম রুকি কার্ড নিলামে বিক্রি হয়েছে ৭ লাখ ৭ হাজার ৬০০ মার্কিন ডলারে, যা একই নিলামে পেলে ও লিওনেল মেসির স্মারক কার্ডের বিক্রিমূল্যকেও ছাড়িয়ে গেছে।
নিলামের তথ্য অনুযায়ী, ব্রাজিলের কিংবদন্তি পেলের রুকি কার্ড বিক্রি হয়েছে ৬ লাখ ১০ হাজার মার্কিন ডলারে। অন্যদিকে, আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির ক্রোম স্যাফায়ার সিরিজের একটি বিশেষ কার্ড বিক্রি হয়েছে ৩ লাখ ১৭ হাজার ২০০ মার্কিন ডলারে।
ফলে নিলামমূল্যের দিক থেকে পেলে ও মেসি—দুই কিংবদন্তিকেই ছাড়িয়ে গেছেন লামিন ইয়ামাল।
এছাড়া নিলামে ইয়ামালের আরও দুটি স্মারকও উচ্চমূল্যে বিক্রি হয়েছে। সব মিলিয়ে তার তিনটি স্মারক থেকে আয় হয়েছে ১০ লাখ ৪৯ হাজার ২০০ মার্কিন ডলার, যা স্মারক সংগ্রহের বাজারে তরুণ এই ফুটবলারের জনপ্রিয়তার নতুন নজির হিসেবে বিবেচিত হচ্ছে।

