শিশুভক্তের অনুরোধে ২০৩০ বিশ্বকাপের ‘প্রতীকী চুক্তিতে’ সই করলেন স্কালোনি

🕙 প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৬ । ১২:৩৫ পিএম

২০২৬ বিশ্বকাপ শেষে নিজ শহর পুজাতোতে ছুটি কাটাচ্ছেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি। অবকাশ যাপন করলেও প্রতিদিনই তার বাড়ির সামনে ভিড় করছেন অসংখ্য সমর্থক। তাদের শুভেচ্ছা ও ভালোবাসার মধ্যেই এক শিশুভক্তের ব্যতিক্রমী উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

ফ্রাঙ্কো ওত্তাভিয়ানি নামের এক শিশু ও তার পরিবার স্কালোনির জন্য একটি প্রতীকী চুক্তিপত্র তৈরি করে নিয়ে আসে। সেখানে লেখা ছিল, ‘২০৩০ বিশ্বকাপের জন্য চুক্তি’। উদ্দেশ্য ছিল, আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবে স্কালোনি যেন আরও দীর্ঘ সময় দায়িত্বে থাকেন।

শিশুটির অনুরোধে সাড়া দিয়ে কোনো দ্বিধা ছাড়াই চুক্তিপত্রে স্বাক্ষর করেন স্কালোনি। পরে বাড়ির সামনে অপেক্ষায় থাকা অন্য সমর্থকদের সঙ্গেও ছবি তোলেন এবং অটোগ্রাফ দেন।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে ফ্রাঙ্কো আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও ‘চিকি’ তাপিয়ার উদ্দেশে বলেন, ‘এবার আপনার পালা।’ শিশুটির এই বক্তব্যের মাধ্যমে স্কালোনিকে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের কোচ হিসেবে রাখার আহ্বান জানানো হয়।

২০২৬ বিশ্বকাপের ফাইনালে হারের পর স্কালোনি জাতীয় দলের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, তার বর্তমান চুক্তির মেয়াদ ডিসেম্বর পর্যন্ত এবং এরপর হয়তো কিছুদিন বিরতি নিতে পারেন। ওই মন্তব্যের পর থেকেই তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তাকে দলে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি প্রকাশিত এক আবেগঘন ভিডিও বার্তায় এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া বলেন, ‘আমি যদি আপনাকে বলি, এখনও অনেক কিছু লেখা বাকি। কারণ ইতিহাস সবসময় আর্জেন্টিনা নিজেই লেখে। এই জার্সির ভরসা আপনার ওপর। আমরা যদি একসঙ্গে এত অর্জন করতে পারি, তাহলে সামনে আরও অনেক কিছু অর্জন করা সম্ভব।’

এদিকে স্কালোনির প্রতীকী ওই স্বাক্ষরকে অনেক সমর্থক তার প্রতি দেশের ফুটবলপ্রেমীদের আস্থা ও ভালোবাসার প্রতীক হিসেবে দেখছেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ