সদ্য পদত্যাগ করা সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছেন—এমন কোনো তথ্য সরকারের কাছে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৬ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, এ ধরনের খবর তিনি সংবাদমাধ্যমে দেখেছেন, তবে সরকারের কাছে এ বিষয়ে কোনো তথ্য বা প্রমাণ নেই।
তিনি বলেন, বর্তমান ইন্টারনেটের যুগে কারও সঙ্গে কথা বলতে চাইলে লন্ডনে যাওয়ার প্রয়োজন হয় না, দেশ থেকেই যোগাযোগ করা সম্ভব।
লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মো. সাহাবুদ্দিন পলাতক শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছেন—এমন অভিযোগ সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো সংবাদমাধ্যম কী তথ্য-প্রমাণের ভিত্তিতে এমন প্রতিবেদন প্রকাশ করেছে, তা সংশ্লিষ্টদের কাছেই জানতে হবে। সরকারের কাছে এ ধরনের কোনো তথ্য নেই বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের বিরোধী দলের দাবির বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, কেন তারা এ দাবি জানাচ্ছেন, সেটি তাদের কাছেই জানতে হবে। তিনি বলেন, রাষ্ট্রপতির বিরুদ্ধে মত প্রকাশ বা সমালোচনা করার অধিকার সবার আছে। গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে মানুষের রাজনৈতিক মত প্রকাশ ও প্রতিবাদের স্বাধীনতা থাকবে বলেও তিনি মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে মো. সাহাবুদ্দিন সংবিধান ও প্রচলিত বিধিবিধান অনুযায়ী দায়িত্ব পালন করেছেন। অন্তর্বর্তী সরকার এবং বর্তমান রাজনৈতিক সরকারের সময়েও সরকার তার সহযোগিতা পেয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি দায়মুক্তির (ইমিউনিটি) সুবিধা ভোগ করেন। দায়িত্ব পালনের সময় ফৌজদারি বা অন্যান্য বিষয়ে তার বিরুদ্ধে মামলা করা যায় না। এ বিষয়ে কেউ বক্তব্য দিতে পারেন, তবে তা গুরুত্ব দেওয়ার মতো কিছু বলে তিনি মনে করেন না।
রাষ্ট্রপতি হওয়ার আগে তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে, সেটি সে সময়ের বিষয় এবং আইন অনুযায়ী তা নিষ্পত্তি হবে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এ ছাড়া তিনি জানান, সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী মো. সাহাবুদ্দিন নির্ধারিত সুযোগ-সুবিধা পাবেন। এর মধ্যে ছয় মাস পর্যন্ত স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) এবং পুলিশসহ প্রয়োজনীয় নিরাপত্তা সুবিধা অন্তর্ভুক্ত থাকবে।

