আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলার সিদ্ধান্ত নিয়েছেন মেসি, সময় জানাল আর্জেন্টাইন গণমাধ্যম

🕙 প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৬ । ১০:৫৫ এএম

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে শুরু হয় নানা আলোচনা। আর্জেন্টিনার স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিশ্বকাপে আর না খেলার সিদ্ধান্ত নিয়েছেন মেসি এবং আগামী কয়েক মাস জাতীয় দলের হয়ে খেলার পর আন্তর্জাতিক ফুটবল থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নেবেন।

প্রতিবেদন অনুযায়ী, আর্জেন্টিনার জার্সিতে ভবিষ্যতে আর কোনো বিশ্বকাপে দেখা যাবে না ৩৯ বছর বয়সী এই তারকাকে। তবে জাতীয় দলে নতুন প্রজন্মের খেলোয়াড়দের সঙ্গে মসৃণ পালাবদল নিশ্চিত করতে তিনি আরও কিছুদিন খেলবেন। এরপরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন।

এদিকে, মেসির বিদায়কে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজনের পরিকল্পনা করছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম বিইন স্পোর্টস জানিয়েছে, মেসির জন্য একটি জাঁকজমকপূর্ণ বিদায়ী ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে আর্জেন্টিনার ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলারের আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তিকে বিশেষভাবে উদযাপন করা হবে।

২০২৬ বিশ্বকাপে বয়সকে হার মানিয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখান মেসি। পুরো টুর্নামেন্টে তিনি ৮টি গোল ও ৪টি অ্যাসিস্ট করে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার তালিকায় জায়গা করে নেন। তবে ফাইনালে স্পেনের কাছে হারের পর নিজের ভবিষ্যৎ নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

সেই সময় আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি বলেন, জাতীয় দলের দরজা মেসির জন্য সব সময়ই খোলা থাকবে।

আন্তর্জাতিক ফুটবলে মেসির ক্যারিয়ার ছিল সাফল্য ও সংগ্রামের এক অনন্য অধ্যায়। একসময় টানা কয়েকটি ফাইনালে হেরে সমালোচনার মুখে পড়লেও পরে তিনিই আর্জেন্টিনাকে নতুন সাফল্যের যুগে নিয়ে যান। তার নেতৃত্বে দলটি ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা, ২০২২ সালের বিশ্বকাপ এবং ২০২৪ সালের কোপা আমেরিকার শিরোপা জেতে। সর্বশেষ ২০২৬ বিশ্বকাপেও তার নেতৃত্বেই ফাইনালে ওঠে আর্জেন্টিনা।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ