আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধের দাবিতে অনলাইন পিটিশনে ২ কোটির বেশি স্বাক্ষর

🕙 প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৬ । ১০:৫১ এএম

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ঘিরে বিতর্কের পর এবার আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে আজীবন নিষিদ্ধ করার দাবিতে একটি অনলাইন গণস্বাক্ষর কর্মসূচি ব্যাপক সাড়া ফেলেছে। ফুটবলবিষয়ক সংবাদমাধ্যম গোল ডটকম, ইউরোনিউজের বরাতে জানিয়েছে, ‘Leave, Argentina’ শিরোনামের ওই অনলাইন পিটিশনে এখন পর্যন্ত ২ কোটি ৩৩ লাখ ১৬ হাজার ১০৮টি স্বাক্ষর জমা পড়েছে।

পিটিশনে ফিফা এবং ফাইনালের ম্যাচ পরিচালনাকারী রেফারির বিরুদ্ধে আর্জেন্টিনা ও দলটির অধিনায়ক লিওনেল মেসিকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। আয়োজকদের দাবি, প্রতিযোগিতায় সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে আর্জেন্টিনাকে ভবিষ্যৎ বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করা উচিত।

পিটিশনে বলা হয়েছে, ‘যদি বিজয়ী আগেই নির্ধারিত থাকে, তাহলে অন্য দলগুলোর প্রতিদ্বন্দ্বিতা করার অর্থ কী? সমান প্রতিযোগিতা নিশ্চিত করতে আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া উচিত।’

প্রাথমিকভাবে ৫০ লাখ স্বাক্ষরের লক্ষ্য নিয়ে শুরু হওয়া এই উদ্যোগ অল্প সময়েই সেই লক্ষ্য অতিক্রম করে। পরে স্বাক্ষরের সংখ্যা ২ কোটিরও বেশি ছাড়িয়ে যায়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ১৯৯৭ সালের ‘জুবিলি ২০০০’ পিটিশনের পর এটি বিশ্বের সবচেয়ে বড় অনলাইন গণস্বাক্ষর কর্মসূচিগুলোর একটি হিসেবে আলোচনায় এসেছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন।

ফাইনাল ম্যাচটি ঘিরে নানা বিতর্কও সৃষ্টি হয়। সমর্থকদের একাংশের অভিযোগ, ম্যাচের রেফারি স্লোভেনিয়ার স্লাভকো ভিনচিচ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বিতর্কের জন্ম দেন। তাদের দাবি, আর্জেন্টিনার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও নিকোলাস তাগলিয়াফিকো ফাউল করেও শাস্তি এড়িয়ে যান। অন্যদিকে স্পেনের নিকো উইলিয়ামস ও ফেরান তোরেসের দুটি গোল বাতিলের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলা হয়।

এ ছাড়া পুরো টুর্নামেন্টে আর্জেন্টিনার খেলোয়াড়দের আচরণ ও পারফরম্যান্স নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটবলপ্রেমীদের একাংশ সমালোচনা করেছেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ