শিবালয় উপজেলার আরিচা স্পিডবোট ঘাট থেকে দুটি স্পিডবোটের ইঞ্জিন লুট করেছে দুর্বৃত্তরা। এ সময় ঘাটের এক পাহারাদারকে হাত-পা বেঁধে রেখে যায় তারা। পরে পদ্মা নদীর মাঝামাঝি পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ থেকে বোট দুটি উদ্ধার করা হলেও ইঞ্জিনের কোনো সন্ধান মেলেনি। মালিকদের দাবি, লুট হওয়া দুটি ইঞ্জিনের বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।
মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন শিবালয় থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল ফকির এবং মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট বুলবুল আহমেদ। তাদের মালিকানাধীন নিবন্ধিত স্পিডবোট ‘এসপিবি তাহেরা-৩০৭১০’ ও ‘এসপিবি আব্বাস-০১০১২১৬’ আরিচা ঘাটে নোঙর করা ছিল। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে ৩ থেকে ৪ জনের একটি সংঘবদ্ধ দল ঘাটে প্রবেশ করে পাহারার দায়িত্বে থাকা কোব্বাত আলী (৭০) নামে এক বৃদ্ধকে হাত-পা বেঁধে ফেলে। পরে তারা স্পিডবোট দুটি নিয়ে পদ্মা নদীর দিকে চলে যায়। কিছুক্ষণ পর কোব্বাত আলী চিৎকার শুরু করলে বাজার এলাকায় টহলরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। খবর পেয়ে মালিকপক্ষ ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের মাঝ নদী থেকে বোট দুটি উদ্ধার করা হয়। তবে দুর্বৃত্তরা বোটের বডি ফেলে রেখে ইঞ্জিন দুটি খুলে নিয়ে যায়। এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

