প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটে বিশেষ ছাড়, বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা, প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিংসহ বিভিন্ন বিশেষ সেবা অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ সুবিধাগুলো পর্যায়ক্রমে বর্তমান সরকারের প্রবাসী কার্ডের মাধ্যমে প্রদান করা হবে।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রবাসী কার্ড বিতরণে বিমানবন্দর-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের করণীয় বিষয়ে এক অবহিতকরণ সভায় এসব তথ্য জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, এমপি। এতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক, এমপি উপস্থিত ছিলেন।
সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, প্রবাসী বাংলাদেশিদের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট এবং বলাকা লাউঞ্জ ব্যবহারে বিশেষ ডিসকাউন্ট প্রদানের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, যাত্রীদের সুবিধার্থে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইতোমধ্যে শাটল বাস সার্ভিস চালু করা হয়েছে। পাশাপাশি প্রবাসীদের জন্য হয়রানিমুক্ত বিমানসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলগুলোতেও প্রবাসীদের জন্য বিশেষ ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। এছাড়া প্রবাসী কার্ডধারীদের জন্য প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হবে।
সভার শুরুতে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত প্রবাসী কার্ড বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতার বিভিন্ন বিষয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কাছে তুলে ধরেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক) ড. মো. শাকিরুল ইসলাম খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

